কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি:
ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঐতিহ্যবাহী লালন শাহ মাজার এলাকায় তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় লালন শাহ মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তিনি এবং তাঁর সফরসঙ্গীরা সেখানে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কিছু লোককে ‘ধর, ধর’ বলে তাঁদের তাড়া করতে দেখা যায়।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলার ঘটনা। কোনো ধরনের ভয়ভীতি, হামলা বা দমন-পীড়ন চালিয়ে ন্যায়, অধিকার ও স্বাধিকার আদায়ের সংগ্রামকে স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরের সার্কিট হাউস এলাকায় একই ধরনের হামলার শিকার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলীয় নেতা-কর্মীরা।



















