কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে চার নারীসহ পাঁচজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপে (দেহব্যবসা) জড়িত থাকার অভিযোগে চার নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে কোটচাঁদপুর পৌরসভার দুধসরা বাসস্ট্যান্ড সংলগ্ন সানাউল্লাহর একটি নতুন তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফেরদৌস লামিয়া (২০), আন্দোবাড়িয়ার তাজ নাহার (৪৫), মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রাজিয়া খাতুন (৩৭), মাইলবাড়িয়া গ্রামের মাহফুজা খাতুন (২৭) এবং ঝিটকিপোতা গ্রামের নাসিম রাজা (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক সানাউল্লাহর ছেলেরা প্রবাসে থাকেন। সম্প্রতি ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার পর একটি ভাড়াটিয়া চক্র সেখানে ওঠে এবং পরোক্ষভাবে অসামাজিক কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিধান কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিরা এর আগেও মহেশপুর এলাকায় অনুরূপ কার্যকলাপে জড়িত ছিলেন। সেখানে তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর তারা কোটচাঁদপুরের এই নতুন ভবনে আস্তানা গাড়েন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ওই ভবনে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
























