কোটচাঁদপুরে গভীর রাতে বাড়িতে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নারানবাড়ীয়া গ্রামে গভীর রাতে এক বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুটে নিয়েছে।
শনিবার গভীর রাতে নারানবাড়ীয়া গ্রামের বাসিন্দা নাহিদ বিশ্বাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩ লাখ টাকারও বেশি।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার শেষ করে বাড়ির মালিক নাহিদ বিশ্বাসসহ পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় সুবিধাজনক সুযোগ নিয়ে চোরচক্র কৌশলে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরের ওয়ারড্রপের দুটি ড্রয়ার ভেঙে ভেতরে রাখা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও এক ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে চম্পট দেয়।
রবিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের ড্রয়ার ভাঙা ও মালামাল ছড়ানো-ছিটানো দেখে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান।
ভুক্তভোগী নাহিদ বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কষ্টার্জিত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এতে আমাদের ৩ লাখ টাকারও বেশি ক্ষতি হয়ে গেল।”
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চুরির বিষয়টি শুনেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















