কোটচাঁদপুরে পৃথক অভিযানে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি দুজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মিজানুর রহমান (হাতেম) ও তাঁর ছেলে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান উপজেলার সাফদারপুর ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এবং হেলাল উদ্দিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বলে পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। তাঁদের বাড়ি উপজেলার বহিরগাছি গ্রামে।
তাঁদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর আওতায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭ থেকে ১৩ ধারায় মামলা রয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্তে তাঁদের আসামি হিসেবে পাওয়া গেছে।
অন্যদিকে, একই দিনে পরিচালিত পৃথক অভিযানে সিআর মামলা নম্বর ১৫৩১/২৫-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার তালসার গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি শাহিনুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




















