কোথাও ঘুরতে যাওয়া অপরাধ নয় : হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক।।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীজুড়ে নানা কর্মসূচি চলাকালেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে যান। এত গুরুত্বপূর্ণ দিনে কেন্দ্রীয় নেতাদের এমন সফর ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। যদিও দলটি বিষয়টি অস্বীকার করে ফেসবুকে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছে।
বৃহস্পতিবার দলীয় নেতারা নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন। এতে জুলাই ঘোষণাপত্র ও সরকারের ভূমিকা নিয়ে আবেগঘন মন্তব্যের পাশাপাশি তারা বলেন, ব্যক্তিগতভাবে সময় কাটানো বা কোথাও ঘুরতে যাওয়া অপরাধ নয়।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সাগরের পাড়ে বসে তিনি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, ভবিষ্যৎ গণপরিষদ ও নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন। তার দাবি, ৫ আগস্ট তার কোনো সাংগঠনিক দায়িত্ব ছিল না, বরং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির জন্য সফরের সিদ্ধান্ত নেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন সারজিস আলম, ডা. তাসনীম জারা ও খালেদ সাইফুল্লাহ দম্পতি।
কক্সবাজার পৌঁছানোর পর গুজব ছড়ায় তারা নাকি ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত গণমাধ্যমে এই গুজবকে “সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে খণ্ডন করেন।
দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দল তাদের পক্ষে না দাঁড়িয়ে উল্টো এমন ভাষায় শোকজ নোটিশ দিয়েছে যা গুজবকে উসকে দিয়েছে। তার মতে, জুলাই ঘোষণাপত্র প্রণয়নে শহীদ পরিবার, আহত ও নেতৃত্বদানকারীদের অনেককে অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতা। ঘোষণাপত্রে সংবিধান সংস্কারের দায়িত্ব পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়াকে তিনি ‘অসত্য’ ও ‘বড় অন্তরায়’ আখ্যা দেন।
৫ আগস্ট রাষ্ট্রীয় উদ্যাপনে যোগ না দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনীম জারা ও খালেদ সাইফুল্লাহ কক্সবাজার সফরে যান। এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। পরে দলীয় ফোরাম থেকে তাদের কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়।

























