ক্ষমতায় এলে জনগণকে আর রাস্তায় নামতে হবে না

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই, জনগণকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিক অভিযোগ করেন, গত ৫০ বছরে দেশের সরকারগুলো তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জনগণের সহযোগিতায় জামায়াত একটি দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়া বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়।
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করে ডা. শফিক বলেন, যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনায় রয়েছেন, তাদের সন্তানেরা নিজের দেশে নয়, বিদেশে পড়াশোনা করে। ফলে দেশে একটি বিপর্যস্ত শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয় কিংবা দুর্নীতিগ্রস্ত করে তোলে। আমরা এমন শিক্ষাব্যবস্থা চালু করব, যা মানুষকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তুলবে এবং অন্যকে সম্মান করতে শেখাবে।
জামায়াতের আমির বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। কেউ বেকার থাকবে না; শিক্ষাজীবন শেষে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে – কেউ চাকরিজীবী হবে, কেউ উদ্যোক্তা।
তিনি আরও জানান, পাঁচ বছরে ‘বুলেট ট্রেন’ চালানো সম্ভব না হলেও ‘উন্নয়নের এক্সপ্রেস ট্রেন’ চালু করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ডা. শফিক বলেন, আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। অনেকে এতে ভয় পাচ্ছে, কারণ তারা এই ব্যবস্থার সুবিধাভোগী। তবে আমরা এমন বেতন কাঠামো তৈরি করব, যাতে দায়িত্ব ও সার্ভিসের গভীরতার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক পারিশ্রমিক দেওয়া হয়।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা এমন পরিবেশ তৈরি করব, যেখানে সাংবাদিকরা সাহসের সঙ্গে সত্য তুলে ধরতে পারবেন – তা যদি সরকারের বিরুদ্ধেও হয়।

























