খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোরে জেলা বিএনপির দোয়া মাহফিল

যশোর সংবাদদাতা।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে যশোর জেলা বিএনপি।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) শহরের লালদীঘির পাড় সংলগ্ন যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুলুক চাঁদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির অতীতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে কারাবরণ, হামলা ও মামলার শিকার হয়েছেন। বেনাপোল পৌর বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচির স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে ওই কর্মসূচিতে এক কর্মীকে চার হাত-পা ধরে তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, যিনি দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
বক্তব্যের একপর্যায়ে বেগম খালেদা জিয়ার সরকারের আমলের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা স্মরণ করে তিনি বলেন, তার নেতৃত্বেই দেশে নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুর পেছনে তার অনন্য অবদান রয়েছে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির সকল নেতাকর্মীর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।





















