গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি দিয়ে চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়ালগ্রাম এলাকা থেকে একটি বোমা সদৃশ বস্তু এবং বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা একটি ভয়ভীতিপূর্ণ চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে চর গোয়ালগ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়ার সরদারপাড়া সংলগ্ন সাদবকের চায়ের দোকানের বেঞ্চের ওপর একটি ককটেল বা বোমা সদৃশ বস্তু এবং একটি হাতে লেখা চিরকুট দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হয়।
উদ্ধার করা ওই চিরকুটে নানা ধরনের হুমকি ও রাজনৈতিক স্লোগান সম্বলিত বক্তব্য লেখা ছিল। চিরকুটে উল্লেখ করা হয়, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমক হারাম… বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে। সত্য কথার শত্রু অনেক।” এছাড়া সেখানে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করে আর্থিক লেনদেন ও হামলার প্ররোচনার অভিযোগ তোলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুটটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



















