গাংনীর এক নারী আসামি কাশিমপুর কারাগার থেকে পালানোয় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের নারী আসামি রিম্পা (২১) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে রিম্পা পালিয়ে যান। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারজুড়ে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।
রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



















