চুক্তি করবে ইরান-ইসরায়েল: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থতিতে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত এবং তারা আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, তিনিই এই চুক্তির মধ্যস্থতা করবেন। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত বন্ধে নিজের সাম্প্রতিক ভূমিকার প্রতি ইঙ্গিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘একইভাবে শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে!’
ট্রাম্প আরও বলেন, ‘এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বোঝে।’
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাসের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করছে ট্রাম্প প্রশাসন। যদিও পক্ষগুলো এখনও যুদ্ধবিরতির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি।
গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।
এরপর শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামরায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।


























