চুয়াডাঙ্গায় পরীক্ষা হলে পরীক্ষার্থীর বুকে ব্যথা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে বিপ্লব হোসেন সাগর (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। খাতার ওপর রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই তিনি বুকে হাত দিয়ে ছটফট করতে থাকেন। ঘটনা দেখে দ্রুত তাঁকে কলেজের একটি ভ্যানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
এ ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকেরা হাসপাতালে যান। পরীক্ষা কেন্দ্রে অকালমৃত্যুর এই ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



















