চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক।।
চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পুকুরে ডুবে রাকিব (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাতার না জানায় রাকিব পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিব চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপাড়ার মালয়েশিয়া প্রবাসী মো. সেলিমের ছেলে। সে এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শ্রেণির প্রথম স্থানাধিকারী ছিল। ঘটনার সময় সে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকিব অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
অকালে মেধাবী ছাত্রের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।





















