চুয়াডাঙ্গায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা ঘোষণার আওতায় সারাদেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিকেও মুক্তি দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা কারাগার থেকে কয়েদি নং- ২৩০৫/এ আব্দুল মালেককে মুক্তি দেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, আব্দুল মালেক একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, চুয়াডাঙ্গার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের সেশন মামলা নং- ১০০/২০০৮, চুয়াডাঙ্গা থানার মামলা নং- ০৮, তারিখ ১১ জুন ২০০৭, জিআর নং- ১৯৬/২০০৭, ধারা ৩০২/৩৪ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়।
তিনি প্রায় ১১ বছর সাজাভোগ করেছেন। রবিবার বিকেলে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত মুক্তির আদেশ ই-মেইলে চুয়াডাঙ্গা কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির সময় কারাফটকে তার স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে তাকে একটি লুঙ্গি ও পাঞ্জাবি প্রদান করা হয়। এছাড়া কারাগার কর্তৃপক্ষ তার অনাদায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড পরিশোধ করে এবং তাকে নগদ এক হাজার টাকা প্রদান করে।



















