চুয়াডাঙ্গা ঘোড়ামাড়া ব্রিজের অদূরে পূর্বাশা পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহনের ধাক্কায় আকিব হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সদরের ঘোড়ামারা ব্রিজের অদূরে ঝড়-বৃষ্টির মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন (৩৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন এবং নিজ মহল্লায় একটি ফার্মেসী দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা অভিমুখে দ্রুতগতিতে চলাচলকারী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে আকিব হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা বড় বাজারের পরিচিত ওষুধ ব্যবসায়ী আসিফের ছোট ভাই। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


















