চুয়াডাঙ্গা রেলগেটের অদূরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আন্ডারপাস এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির ছাদে ঝুঁকি নিয়ে কয়েকজন যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আন্ডারপাস এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওই যুবক ছাদ থেকে ছিটকে রেললাইনের পাশে আন্ডারপাসের নিচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে কাদা-পানি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদা জাহান তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ভর্তি করেন।
আহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।


















