চুয়াডাঙ্গায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় মাটিবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী (৪০) নামের এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ মেইন রোডসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি স্থানীয় হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। একজন শিক্ষককের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহজাহান আলী মোটরসাইকেল চালিয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে যাওয়ার সময় হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।























