চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৮ মোটরসাইকেল আটক, ৭৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন লঙ্ঘন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশেষ অভিযান চালিয়ে আটটি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে চারটি মামলায় মোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ব্যস্ততম হাসান চত্বর ও কলেজ রোডে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযানে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসীম, সার্জেন্ট তানভীর ও সার্জেন্ট নাজমুলসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই করা হয়। কাগজপত্র সঠিক না থাকায় এবং আইন অমান্য করায় আটটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং চার চালকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারওয়ার হোসেন খান জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
























