চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ সামারী ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে। আটকৃতরা হলো, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ের বাসিন্দা মৃত লাল্টু হোসেনের ছেলে আকাশ (২৩), শেখপাড়ার আব্দুস সেলিমের ছেলে মোঃ রিকন আলী (৪৩), ঝিনাইদহ সদর উপজেলার মাগুরপাড়ার নাজমুল হকের ছেলে আলিফ হোসেন (২০), চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে রেজাউল (৪১), শাহজাহান আলীর ছেলে সাগর আলী (৩১), নুরুল আমিনের ছেলে সোলেমান আলী (৪২), দৌলতদিয়াড়ের মৃত আব্দুর রহমানের ছেলে শাফায়েত হোসেন (৪০), কাউন্সিল পাড়ার চাঁদ আলীর ছেলে শাহাবাজ আহমেদ নিশান (২৬) ও চুয়াডাঙ্গা কলেজপাড়ার খন্দকার শফির ছেলে খন্দকার ইমরান হোসেন লেবু (৪০)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জানায়, পুলিশের একাধিক টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এ সকল আসামিদের আটক করে। এসআই (নিঃ) মোঃ সজীব আহামেদের নেতৃত্বে শহরের কোর্ট মোড় থেকে গাঁজা সেবনরত অবস্থায় দৌলতদিয়াড়ের মোঃ আকাশ (২৩), বড় বাজার এলাকা থেকে শেখপাড়ার মোঃ রিকন আলী (৪৩) এবং দৌলতদিয়াড় পুরাতন ব্রিজের পাশ থেকে মোঃ আলিফ হোসেনকে (২০) গ্রেফতার করা হয়।
অপরদিকে সরোজগঞ্জ ক্যাম্পের এসআই (নিঃ) নওশাদ মাহফুজের নেতৃত্বে জালশুকা গ্রামের একটি মৎস্য ঘেরের পাশ থেকে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জালশুকা মাঠপাড়ার মোঃ রেজাউল (৪১), মোঃ সাগর আলী (৩২) ও মোঃ ছলেমান আলীকে (৪২) আটক করা হয়। এদিকে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এক অভিযানে বসতঘর থেকে ৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ সাফায়েত হোসেনকে (৪০) আটক করে পুলিশ।
এছাড়া সদর ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আকরাম খাঁনের নেতৃত্বে পৃথক অভিযানে নেশাগ্রস্ত ও বেসামাল অবস্থায় পুলিশ ফাঁড়ি এলাকা থেকে থানা কাউন্সিলপাড়ার শাহবাজ আহম্মেদ নিশান (২৬) এবং ঈদগাহ রোড এলাকা থেকে খন্দকার ইমরান হোসেন লেবুকে (৪০) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা ও প্রসেকিউশন দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




















