চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ‘বোমা’ মাসুদ ও সজল গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মাসুদ রানা ওরফে ‘বোমা’ মাসুদ (৩৯) ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল (৩৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসানহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে আরামপাড়া রেলস্টেশন এলাকা থেকে নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরামপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সদর থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।
সদর থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।।




















