চুয়াডাঙ্গায় পৃথক পুলিশি অভিযান: বিস্ফোরক মামলার দুই আসামিসহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক কয়েকটি বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত দুই অভিযুক্ত এবং মাদক মামলার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানার নেতৃত্বে নতুন ভান্ডারদহ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে দুলউদ্দীন (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মনিরউদ্দীন মণ্ডলের ছেলে। পরবর্তীতে থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে আরেকটি দল জিবনা গ্রামে অভিযান চালিয়ে মিলন আলী ওরফে মতিকুর রহমান মিলন (৪৮) নামের অপর এক ব্যক্তিকে আটক করে। তিনি জিবনা গ্রামের মৃত লুৎফর রহমান বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত উভয় ব্যক্তির বিরুদ্ধে ২০২৪ সালে দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন গুরুতর ধারার মামলা রয়েছে। আইন অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে নয়মাইল বাজার এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় সাব্বির আহম্মদ ইমন (২২) নামের এক যুবককে তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচারিক আদালত) হাজির করা হলে আদালত তাৎক্ষণিক বিচারে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।


















