চুয়াডাঙ্গায় প্রশাসনের শীর্ষ পাঁচ পদেই নারী কর্মকর্তা, গড়ল নতুন ইতিহাস

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার প্রশাসনিক কাঠামোয় সৃষ্টি হয়েছে এক অনন্য নজির। জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—সবগুলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেই বর্তমানে দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা।
জেলার ৩০তম জেলা প্রশাসক হিসেবে লুৎফুন নাহার দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিথি মিত্র, আলমডাঙ্গায় শাহীনুর আক্তার, দামুড়হুদায় লাভলী ইয়াসমিন এবং জীবননগরে সুমাইয়া সুলতানা এ্যানি ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন। যদিও জীবননগরের নবনিযুক্ত ইউএনও এখনো আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি; সেখানে আপাতত দায়িত্ব পালন করছেন মো. আশরাফুল আলম রাসেল।
জানা গেছে, চুয়াডাঙ্গায় অতীতে নারী জেলা প্রশাসক ও নারী ইউএনও দায়িত্ব পালন করলেও একই সময়ে জেলা প্রশাসকসহ চার উপজেলার ইউএনও পদে পাঁচজন নারী কর্মকর্তার দায়িত্ব পালনের ঘটনা এবারই প্রথম।
এ বিষয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নারীরা এখন প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।



















