চুয়াডাঙ্গায় ৭ মাদক মামলায় ৯ আসামির কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার:
মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জেলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামিকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শনিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সামারি ট্রায়াল কোর্টের বিচারক লাভলী নাজনীন এ রায় ঘোষণা করেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এই অভিযানে আটককৃতদের বিরুদ্ধে রুজু হওয়া মাদক সংক্রান্ত ৭টি মামলা সংক্ষিপ্ত বিচার আদালতে তোলা হলে বিচারক আইন অনুযায়ী সাজা নির্ধারণ করেন।
আদালতের বিবরণী অনুযায়ী
চুয়াডাঙ্গা সদর থানা ৩টি মামলায় ৫ জন সাজাপ্রাপ্ত।আলমডাঙ্গা থানা: ২টি মামলায় ২ জন সাজাপ্রাপ্ত।
জীবননগর থানা:১টি মামলায় ১ জন সাজাপ্রাপ্ত।
দর্শনা থানা: ১টি মামলায় ১ জন সাজাপ্রাপ্ত।
অপরাধের মাত্রা বিবেচনা করে এই ৯ আসামির প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
এই প্রসঙ্গে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, মাদকের ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সম্পূর্ণ আপসহীন। বিক্রেতা, সরবরাহকারী কিংবা মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের মুখোমুখি করে সাজা নিশ্চিত করতে আমাদের এই অভিযান ও আইনি প্রক্রিয়া আগামীতেও আরও বেগবান করা হবে।



















