চুয়াডাঙ্গা কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৩০) নামে এক হাজতির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার দাবি করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হাসপাতালপাড়ার বাসিন্দা। তিনি গত মাসে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেমের ওপর হামলার মামলার প্রধান আসামি ছিলেন। ৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, রোববার গভীর রাতে হঠাৎ মিলনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার আগেই তিনি মারা যান। জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন জানান, “প্রাথমিকভাবে চিকিৎসকরা হৃদরোগজনিত জটিলতাকে কারণ হিসেবে মনে করছেন। তবে নিশ্চিতভাবে জানতে হলে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
তবে নিহতের স্বজনরা বলছেন, মিলন সুস্থ অবস্থায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তার চাচাতো ভাই রিকাত মালিতা বলেন, “হঠাৎ এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, বিষয়টি রহস্যজনক। সুষ্ঠু তদন্ত ছাড়া সত্য বের হবে না।”
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “মিলন চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”





















