চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা হতে ১০১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।
বর্তমানে সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে । মাদকের নীল নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । এ এক তীব্র নেশা । হাজার হাজার তরুণ এ নেশায় আসক্ত । এ মরণনেশা থেকে যুবসমাজকে রক্ষা করা না গেলে এ হতভাগ্য জাতির পুনরুত্থানের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে যাবে । আমাদের দেশের তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণনেশার শিকার । যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রামের , প্রতিবাদের , যুদ্ধ জয়ের , আজ তারা নিঃস্ব হচ্ছে মরণনেশার করাল ছোবলে । মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত – সহস্র তরুণ প্রাণ । ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা । ভাবিত হচ্ছে সমাজ ।
এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২২ তারিখ র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ২১.০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ আসাদুল হকের মালিকানাধীন মেসার্স হক ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শামীম হাসান(২৬), পিতা-মোঃ আব্দুল গনি, সাং-কানাইডাঙ্গা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।





















