জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই’ ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ‘জুলাই- ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান অবস্থা জানতে চান। তিনি তাদের নানা সমস্যা অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে শোনেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তাদেরকে মহান রবের প্রতি ভরসা রেখে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে তিনি তাদের সাথে কথা বলেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন দলটির আমির। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।
এ সময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
মতবিনিময় সভায় ‘জুলাই ‘২৪ শহীদ পরিবার সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান, শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন, শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল ভূঁইয়া, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ আহনাফের বাবা নাসির উদ্দিন, শহীদ যাবির ইব্রাহীমের বাবা মো. কবির হোসেন, শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহীদ সজলের ভাই সেলিম মাহমুদ, শহীদ রোহানের ভাই রাহাত হোসাইন, শহীদ মিরাজের ভাই আব্দুল্লাহ আল রইস, শহীদ আরাফাতের ভাই হোসেন আলী হাসান, শহীদ মো. আতিকুর রহমানের ভাই সোলাইমান ও শহীদ মো. স্বজনের ভাই মো. অনিক।

























