জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি চক্রের চার সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে যে, আক্কেলপুর এলাকার একটি চোরাকারবারি চক্র প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের জন্য গোপনে মজুত করেছে। এই খবরের ওপর ভিত্তি করে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল আক্কেলপুরের বিহারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ওই কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র ও কামাল হোসেন নামের দুই ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও চিহ্নের ভিত্তিতে এই চক্রের আরও দুই সহযোগী হামিদুর রহমান এবং জাকির হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বহুমূল্যবান প্রাচীন মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধারকৃত মূর্তিটিসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






















