শিরোনাম :
ঝিনাইদহে দুর্ঘটনায় মা-বাবা ও সন্তান নিহত
Padma Sangbad

ঘরে ঘরে যখন চলছে ঈদ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, তখনই ঝিনাইদহের আসাননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও সন্তানের করুণ মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
হুদা মাইলমারি গ্রামের মোস্তফা মন্ডল(৪৩) স্ত্রী সেলিনা খাতুন (৩৮) আর তাদের নয়নের মণি একমাত্র সন্তান মাহিম (৭)কে নিয়ে বিকেল তিনটার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন । আসাননগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের আঘাতে পথেই নিথর হয়ে যায় ছোট্ট মাহিম।
গুরুতর আহত মোস্তফা ও সেলিনাকে হাসপাতালে ভর্তির পর বিকেল ৪টায় মোস্তফা এবং এক ঘণ্টার ব্যবধানে, বিকাল ৫টায় তার স্ত্রীও মারা যায়।
ঈদ আনন্দের স্বপ্ন দেখা একই পরিবারের তিনটি প্রাণ নিভে যাওয়ায় তাদের গ্রামের বাড়িতে এখন কেবলই বুকফাটা আর্তনাদ। ঈদ আনন্দের বদলে নেমে এসেছে সীমাহীন শোকের ছায়া।


















