তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও স্কুলের সামনে ভবন নির্মাণের অভিযোগ: অ্যাসিল্যান্ড বরাবর গণস্বাক্ষর

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার অর্ধশত বছরের প্রাচীন গাছ কেটে বিক্রি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথের ঠিক সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ দাখিল করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌপাকিয়া-কুচিয়ামারা সড়কের পাশে অবস্থিত অর্ধশত বছর বয়সী একটি আমগাছ ও একটি বটগাছ কেটে বিক্রি করে দেন স্থানীয় প্রভাবশালী মো. ছোরমান আলী ও বাচ্চু সরকার গং। গাছ দুটি কেটে ফেলার পর সেই সরকারি জায়গায় এখন বহুতল ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার, ইসহাক ও কুদ্দুস মোল্লা ক্ষোভ প্রকাশ করে জানান, কেটে ফেলা গাছ দুটি বহু বছর ধরে পথচারী ও কোমলমতি শিক্ষার্থীদের ছায়া দেওয়ার পাশাপাশি পাখির নিরাপদ আবাসস্থল ছিল। গাছগুলো কেটে ফেলার কারণে স্থানীয় পরিবেশের ভারসাম্য চরম হুমকির মুখে পড়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই এভাবে ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হবে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন,এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















