দত্তনগর কৃষি ফার্মে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব বিবেচনা করবে সরকার

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত ঐতিহাসিক দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার। এ কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় তিনি প্রায় ২ হাজার ৭৩৭ একর আয়তনের দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে মহেশপুর ও কোটচাঁদপুরের সাবেক ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।
প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সরকারের নীতির সঙ্গে এ উদ্যোগের সামঞ্জস্য রয়েছে। তিনি সুবিধাজনক সময়ে দত্তনগর কৃষি ফার্মসহ মহেশপুর ও কোটচাঁদপুরের কৃষি অঞ্চল পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে অ্যাটর্নি জেনারেল বলেন, দত্তনগরে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি তরুণদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় কৃষি ও অর্থনীতির বিকাশ ঘটবে।
এ সময় মহেশপুর ও কোটচাঁদপুর অঞ্চলে উৎপাদিত ধান, সবজি এবং আম, আঙুর, ড্রাগন, পেয়ারা ও কলাসহ বিভিন্ন ফল সংরক্ষণের জন্য পর্যাপ্ত আধুনিক হিমাগার না থাকার বিষয়টিও তুলে ধরা হয়। সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকদের লোকসানের বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষিমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে অ্যাটর্নি জেনারেল কৃষি সচিব মো. সেলিম খানের সঙ্গেও বৈঠক করেন। কৃষি সচিব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার কথা জানান।
এ ছাড়া বৈঠকে কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে উন্নীত করার প্রস্তাবও উত্থাপন করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সুপারিশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।























