জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য — জুবায়ের
দর্শনায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান অনিক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে দর্শনা পৌর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর সকল ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারিদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোহাম্মদ মোবারক হুসাইন, অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল,চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি,মো. আব্দুল কাদের,আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, দামুরহুদা উপজেলা আমির নায়েব আলী,ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সাগর আহমেদসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই জাতীয় সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে সেই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করা হয়, এই দেশের মানুষ আরেকটি জুলাই বিপ্লব গড়ে তুলবে ইনশাআল্লাহ। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি গুটিয়ে পালিয়েছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না। তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদকের বিরুদ্ধে যুব সমাজকে নিয়ে এগিয়ে চলা।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আনোয়ারুল হক মালিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে হুমায়ুন কবির এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোছা. আছিয়া খাতুনের নাম ঘোষণা করা হয়।।




















