দর্শনায় নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শনায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেয় দর্শনার সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ থিয়েটার। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজার মাঠে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা অনির্বাণ থিয়েটারের পরিচালক আনোয়ার হোসেনসহ দর্শনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও পান্তা-ইলিশ ও লোকজ সাংস্কৃতিক উৎসবসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




















