দর্শনায় সরকারি নির্দেশনা অমান্যে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

মোঃ আব্দুর রহমান অনিক ।।
দর্শনা পৌরসভার রেলবাজারসহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার এবং সন্ধ্যা ৭টার পরেও দোকান খোলা রাখার অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে সজীব মোবাইল ঘর, নিরিবিলি ফুচকা হাউজ ও ইয়াছিন ফ্যাশনসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ সদস্যরা।

অভিযানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। অভিযান চলাকালে তিনি পৌরসভার রেলবাজার এলাকাসহ একাধিক স্থান পরিদর্শন করেন এবং সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় ও জননিরাপত্তার স্বার্থে সরকার নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার নির্দেশনা জারি করেছে। কিন্তু একশ্রেণির ব্যবসায়ী সেই নির্দেশনা উপেক্ষা করে রাত পর্যন্ত দোকান খোলা রাখছেন এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা চালিয়ে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম জানান, সরকারি নির্দেশনা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। যারা এই নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সাধারণ মানুষ সরকারি নির্দেশনা মানতে আরও সচেষ্ট হবেন এবং বিদ্যুৎ অপচয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।।



















