দর্শনায় ডিএনসির বিশেষ অভিযানে নিষিদ্ধ কোডিন সিরাপসহ মিলন আটক

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর বিশেষ অভিযানে কোডিন ফসফেটযুক্ত নিষিদ্ধ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে এ ঘটনা ঘটে।
প্রথম অভিযানে দর্শনা বকচত্ত্বর চৌরাস্তার মোড়স্থ ‘মিলন টি স্টল’ নামক চা-পান ও মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ফ্রিজের ওপর থেকে ১৮ বোতল (প্রতি বোতল ১০০ মিলি) নিষিদ্ধ WINCEREX সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিক আকন্দবাড়িয়া তামালতলাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মিলন হোসেন (৪১)-কে আটক করা হয়।
পরবর্তী অভিযানে শ্যামপুর জামে মসজিদের সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে থাকা প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে আরও ৫ বোতল একই ধরনের নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় দর্শনা জয়নগর প্রথমপাড়ার চান্দু মাস্টারের ছেলে আব্দুল মান্নান (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মোট ২৩ বোতল (২,৩০০ মিলি) কোডিন ফসফেটযুক্ত সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন ডিএনসির পরিদর্শক মো. বদরুল হাসান ও উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল। তারা বাদী হয়ে দর্শনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
পরে আটক দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















