দর্শনায় বাকপ্রতিবন্ধী ভিকটিমকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজন গ্রেফতার

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক ঘটনায় এক বাকপ্রতিবন্ধী ভিকটিমকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শৈলমারী গ্রামের জলিল মিয়ার ছেলে রোকন উদ্দিন (৪৪) এবং দামুড়হুদা উপজেলার মদনা উত্তরপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুটি ঘটনায় ওই ভিকটিমকে লক্ষ্য করে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দর্শনা থানা পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একজনকে তার নিজ বাড়ি থেকে এবং অপরজনকে রাস্তার পাশ থেকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।






















