দর্শনায় বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালক সব্দুলের

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভ্যানচালক সব্দুল (৪৬) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দর্শনা হল্ট স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। নিহত সব্দুল কুষ্টিয়া জেলার সাঁওতা গ্রামের মৃত আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ চাঁদপুর এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে সব্দুল দক্ষিণ চাঁদপুর গ্রামে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছিলেন। জীবিকার তাগিদে তিনি ভ্যান চালানোর পাশাপাশি ট্রেনের কাঁচামাল পরিবহন করতেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে রাত আড়াইটার দিকে তিনি গোয়ালন্দগামী ট্রেন থেকে মালামাল নামিয়ে বাড়ি ফেরেন। ভোরে আবারও যাত্রী ভাড়া নেওয়ার উদ্দেশ্যে স্টেশনের দিকে রওনা হলে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
এ প্রসঙ্গে দর্শনা জিআরপি পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, তাই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের পরিবার জানায়, শুক্রবার বাদ জুমা দক্ষিণ চাঁদপুর জামে মসজিদে জানাজা শেষে নতুন কবরস্থানে সব্দুলকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রীকে রেখে গেছেন।





















