দর্শনায় যুব সমাজের উদ্যোগে ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় আজমপুর যুব সমাজ ওয়াজ কমিটির উদ্যোগে এলাকার তিনটি অতীব ঝুঁকিপূর্ণ রাস্তার অংশ নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আজমপুরের ৩ নম্বর ওয়ার্ডের তিন রাস্তার মোড়, জনতা ব্যাংকের পাশের শুরুর রাস্তা এবং শেষের দিকের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এ সংস্কার কাজ চালানো হয়।
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির জানান, আজমপুর যুব সমাজ ওয়াজ কমিটি সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত। তারই অংশ হিসেবে আজমপুর এলাকার সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি কমাতে এই রাস্তা সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, “উক্ত তিনটি স্থানে প্রায়শই দুর্ঘটনা ঘটত। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা যুব সমাজ একত্রিত হয়ে তা মেরামতের উদ্যোগ নিই। ভবিষ্যতে এলাকা ও জনগণের সুবিধার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
রাস্তা মেরামতকালে আজমপুর যুব সমাজ ওয়াজ কমিটির সদস্য হাফেজ আবু বক্কর, রাসেল সরকার, ঝন্টু, ফারুক, রোকন, সোহাগ, কামাল, নূর আলমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















