দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। আটক মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ১৫ আগস্ট কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব আলম। ওই মামলায় মারামারি, বেআইনি জমায়েত ও বাধা প্রদানের অভিযোগও রয়েছে। মামলার পর থেকে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন মিয়া জানান, নিয়মিত পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় সিস্টেমের মাধ্যমে তার বিরুদ্ধে মামলার তথ্য ও দেশত্যাগের নিষেধাজ্ঞা নিশ্চিত করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।




















