দর্শনা মেমনগরে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা মেমনগর মাঠে শুরু হয়েছে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে রামাযুসের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তারা বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। এতে প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাগুলো সামনে আসার পাশাপাশি তরুণদের মধ্যে সাহস, শৃঙ্খলা ও সহনশীলতার চর্চা গড়ে উঠবে।
রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, মাহবুব উল ইসলাম খোকন, সাংবাদিক শরীফ উদ্দীন, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, লুৎফর রহমান, মোমিনুল ইসলাম ও শফিকুল আজম তোতা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজির আহম্মেদ, আজিজুল হক ও সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মোর্শেদুর রহমান লিংকন। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা ও আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর একাদশ ও নাটোর একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাটোর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করে যশোর একাদশ।
খেলায় ধারাভাষ্য দেন হাসান ও সবুজ। ম্যাচ পরিচালনা করেন নিপুন, রবিউল ও সিয়াম।


















