দামুড়হুদায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্রিজ মোড়ে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শাহিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা ব্রিজ মোড়ের দামুড়হুদা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন দামুড়হুদা উপজেলার চিৎলা কবরস্থান পাড়ার বাবলুর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ (৩২), অফিস স্টাফ জনি (৪২) এবং দামুড়হুদা মন্দির পাড়ার রবিন জেলের ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দামুড়হুদা ব্রিজ মোড়ে তিনটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।
পরে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে শাহিনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।






















