দামুড়হুদায় পৃথক অভিযানে ইয়াবা ও চোরাই ব্যাটারিসহ ৪ আসামি গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে তিন পিস ইয়াবা এবং অন্য দুইজনের নিকট থেকে চোরাই তিনটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসআই প্রদীপ বিশ্বাসের নেতৃত্বে ইব্রাহীমপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে বিষ্ণুপুর মাঝেরপাড়ার আমির হোসেনের ছেলে টিপু সুলতানকে (৩২) তিন পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে গতকাল বুধবার সকালে দশমীপাড়া গ্রাম থেকে আক্কাচ আলী (৪৩) ও হাতেম আলী (২৩) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই তিনটি ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত টিপু সুলতানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। এ ছাড়া আক্কাচ আলী ও হাতেম আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এদিকে, দামুড়হুদা মডেল থানার এসআই ফাহিম হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মুক্তারপুর রিফুজিপাড়ার মৃত দিদার হোসেনের ছেলে সুলতান আহমেদকে (৬২) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন। তিনি জানান, মাদক কারবারি, চোরাকারবারি এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।






















