দামুড়হুদায় মানহীন পণ্য বিক্রির অভিযোগে ‘টুকিটাকি স্টোর’কে ৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানহীন ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ‘টুকিটাকি স্টোর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা বাজার এলাকায় এই তদারকি অভিযান চালানো হয়। এ সময় ‘টুকিটাকি স্টোর’-এ অস্বাস্থ্যকর ও মানহীন পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত ও সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।






















