দামুড়হুদায় স্টেডিয়াম মাঠ রক্ষায় সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠের পরিবেশ রক্ষা এবং মাঠের সামনে পরিকল্পিত মার্কেট স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেলে ‘মাঠ বাঁচাও, পরিবেশ বাঁচাও, মাঠের সামনে পরিকল্পিত মার্কেট স্থাপন বন্ধ করো’—এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই মাঠটি উপজেলার তরুণ ও যুবসমাজের খেলাধুলা এবং সাধারণ মানুষের নির্মল বাতাসের একমাত্র মুক্ত স্থান। এখানে মার্কেট স্থাপন করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং স্থানীয় যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে চরমভাবে বঞ্চিত হবে। তাই জনস্বার্থে অবিলম্বে এই পরিকল্পিত মার্কেট নির্মাণকাজ বন্ধের জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নিকট একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নায়েব আলী, আবেদুদ্দৌলা টিটন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আবুল কাশেম জিহাদীসহ এলাকার সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

























