দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতিমুক্ত, জনগণমুখি ও দায়িত্বশীল সমাজ গঠনের। তিনি বলেছেন, দেশের সম্পদ, নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা চুরি করতে দেওয়া হবে না এবং দেশের চাবি তুলে দেওয়া হবে সৎ চৌকিদারদের হাতে, যারা জনগণের স্বার্থ রক্ষা করবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি সমাজ পরিবর্তনের দায়িত্ব জামায়াতের হাতে তুলে দেয়, দল খেটে খুটে দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। আমাদের মূল লক্ষ্য হবে দেশের বঞ্চিত মানুষ। শিক্ষা, স্বাস্থ্যসহ সব নাগরিক সেবায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের অধিকার না দেওয়া পর্যন্ত আমরা কোনো সরকারি সুবিধা গ্রহণ করব না।
জামায়াত আমির ঘোষণা দেন, আগামীতে জামায়াত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি প্লট অল্প মূল্যে নেবেন না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না। সরকারের দেওয়া ন্যায্য সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রেও সীমা বিবেচনা করা হবে।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, চারদলীয় সরকারের সময় জামায়াতের দুই মন্ত্রী সৎ ও দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করেছেন, কারণ তারা আল্লাহকে ভয় করতেন এবং জনগণের সম্পদ রক্ষা করাকে ঈমানী দায়িত্ব মনে করতেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে প্রতিটি পরিবার থেকে, প্রতিটি পেশা ও শ্রেণি থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা দেশের সম্পদ লুট করেছে তাদের হাতে দেশের চাবি দেওয়া যাবে না। জনগণের স্বার্থে সৎ চৌকিদারদের হাতে দায়িত্ব দিতে হবে।
তিনি জনগণকে সাহসের সঙ্গে দুর্নীতিবিরোধী অবস্থান নিতে উৎসাহিত করেন।
জামায়াত আমির জনগণকে আশ্বাস দিয়ে বলেন, আল্লাহ যতদিন হায়াত ও তৌফিক দেবেন, আমরা জনগণের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন, যাতে আমরা এই ওয়াদা পূরণ করতে পারি।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসক সমাজ ও জনগণের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তাদের লক্ষ্য হলো দেশের সম্পদ ও সুযোগ-সুবিধা নিরাপদ রাখা, যাতে সৎ নেতৃত্বের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হয়।

























