দৌলতপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা গুলিবর্ষণ বিজিবির

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এই ঘটনার পর সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর প্রতিক্রিয়ায় বিজিবির পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। এছাড়া বিক্ষুব্ধ স্থানীয়দের হামলায় এক ভারতীয় নাগরিক আহত এবং অন্য একজনকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুরের জামালপুর সীমান্তে এসব ঘটনা ঘটে। গুলিতে আহত বাংলাদেশি কৃষকের নাম সাহাজুল ইসলাম (৪০)। তিনি ওই এলাকার সাবাজ প্রামাণিকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের জমিতে ঘাস কাটছিলেন কৃষক সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছুড়লে তিনি কোমর থেকে পা পর্যন্ত গুলিবিদ্ধ হন।
এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় ক্ষুব্ধ কৃষকরা ধাওয়া করে ভারতীয় এক নাগরিককে কুপিয়ে আহত করেন এবং কাজল ঘোষ (৩০) নামের অপর এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। আহত ও আটককৃত ব্যক্তিরা ভারতের নদীয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার পরপরই সীমান্তে চরম উত্তেজনা দেখা দেওয়ায় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে নিজ নিজ অবস্থানে লাল পতাকা উত্তোলন করা হয়। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিজিবির পক্ষ থেকে প্রতিরক্ষা প্রস্তুতি হিসেবে বাংকার নির্মাণের কাজ শুরু হয়েছে।
পরিস্থিতির বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে আইনানুগ সীমার মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে।


















