দৌলতপুর সীমান্তে মাদক লেনদেনের দ্বন্দ্বে যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক লেনদেন নিয়ে বিরোধের জেরে জনি (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্তে সশস্ত্র একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে।
স্থানীয় সূত্র জানায়, নিহত জনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সোহান (৩৬) ও সুমন (৩৫) নামের দুইজনের মাধ্যমে মাদক পরিবহনের কাজে যুক্ত ছিল। লেনদেনের টাকার বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে প্রথম দফা হামলার মুখে পড়তে হয়। গুরুতর আহত অবস্থায় পালিয়ে মহিষকুন্ডি এলাকায় আশ্রয় নিলেও পরদিন ফের তাকে লক্ষ্য করে বড় একটি দল হামলা চালায়।
শনিবার দুপুরে বাড়িতে ফেরার পথে ওৎ পেতে থাকা সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন মাদকচক্রের সদস্য জনিকে আটকে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ সীমান্তসংলগ্ন কবরস্থানের পাশের মাঠে ফেলে রাখা হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।





















