নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষ, মৃত্যু আরও বাড়লো

নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষ, মৃত্যু আরও বাড়লো
নওগাঁর মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে আহত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জন মারা গেছেন। তারা বাসের যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই দুইসহ ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার। এ ঘটনায় আহত আরও ১৪ জন রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার আফাজ উদ্দিন (৩১) এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর গ্রামের বকুল হোসেন (১৮)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার চকগৌরীহাট এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে নওগাঁর মহাদেবপুর উপজেলার জয়পুরডাঙ্গা পাড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সমসের আলীর ছেলে পিকআপ চালক হারুন অর রশিদ ওরফে হারুন বাঘা (৪৬) ও নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর পিকআপের যাত্রী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মজিবর রহমান (৬০) নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দিন বিকেল সাড়ে তিনটার দিকে চকগৌরিহাট এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী (ঢাকা মেট্রো ‘ব’ ১৫-৪৭০৩) দ্বীন ইসলাম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে (বগুড়া ‘ন’ ১১-১৫৫৪) ওভারটেক করতে গিয়ে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে পিকআপ চালক বাঘা নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় মুজিবুর রহমানসহ আহত কয়েকজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনে আটকে পড়া চালকের মৃতদেহ উদ্ধারসহ আহত তিন-চার জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে আরও ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক), বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়। তাদের মধ্যে রামেক চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আফাজ উদ্দিন এবং শুক্রবার সন্ধ্যায় বকুল হোসেন মারা যান।
আরও পড়ুন: জাপানিদের ছিনতাইয়ের পর কক্সবাজারে ফূর্তি, গ্রেপ্তার তিন
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, হতাহতরা অধিকাংশ বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা, তারা ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
একাত্তর/




















