নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একত্রে জানাজা

নওগাঁ প্রতিনিধি।।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে পৌঁছেছে। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে সাতজনের মরদেহ নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো বাংলাদেশে আসার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ড ১৬ জন বাংলাদেশিকর্মী মৃত্যুবরণ করেন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে ৯ জন মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে। ইতোমধ্যে মরদেহগুলো বাংলাদেশ প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটযোগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে উল্লেখ করা হয়।
সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় সনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী ও বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার মার্কাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নিহতের পরিবার গুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে প্রেরণ করাও হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যাতে মরদেহগুলো বিনা খরচে আসতে পারে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ আসছে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, ‘সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।’
ইউএনও আরও জানান, আগামীকাল শুক্রবার সকাল দশটার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একত্রে সব মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝে দেওয়া হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মরদেহ আজ বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ আত্রাই উপজেলা পৌঁছাতে পারে বলে তিনি জানান ইউএনও।
আগামীকাল শুক্রবার সকাল দশটায় আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের মরদেহ একত্রে জানাজা করার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।
জানা যায়, আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানসহ নিহতদের পরিবারের সদস্যরা ও সর্বস্তরের উপজেলাবাসী উপস্থিত থাকবেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




















