নবীনগরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মীম নামে সাত বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নানা বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মীম। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দুই দিন ধরে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, নিখোঁজের দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















