নূন্যতম মজুরি বোর্ডের স্থগিত সভা দ্রুত ঘোষণার আহ্বান পোশাক কারখানা মালিকদের

অনলাইন ডেস্ক।।
ন্যূনতম মজুরি বোর্ডের আজ সোমবারের পূর্ব-নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত এ সভার তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাক কারখানার মালিকরা। আজ পোশাকখাতের ব্যবসায়ীদের দুই সংগঠন বিজিএমইএ মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং উক্ত সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় ন্যূনতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে গণমাধ্যম সূত্রে জানা যায় যে, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে।
এতে বলা হয়, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে যে, এ প্রক্রিয়াটি দ্রুত গতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।
পোশাক কারখানার মালিকদের দুই সংগঠনের শীর্ষ দুই নেতা বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায়, শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করে, অনতিবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো আহ্বান জানানো যাচ্ছে।


























