পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে তালা ভেঙে ১১টি ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান, সাউন্ড সিস্টেম ও ‘সততা স্টোর’ থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গরমে ফ্যানগুলো চুরি হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত বিদ্যালয়ের কাঠের আলমারিতে রাখা ল্যাপটপ ও একটি প্রজেক্টরের সরঞ্জাম অক্ষত রয়েছে। চোরেরা ঘটনাস্থলে তাদের ব্যবহারের একটি স্ক্রু ড্রাইভার ফেলে রেখে গেছে।
রোববার (৪ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে ফ্যানের সুইচ দিতে গিয়ে দেখতে পায় কক্ষে কোনো ফ্যান নেই। তীব্র গরমে ফ্যান ছাড়াই তাদের কষ্ট করে ক্লাস করতে হচ্ছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ জানান, প্রতিদিনের মতো সকালেও শিক্ষকরা এসে বিদ্যালয়ের তালা খোলেন। কিন্তু অফিসরুমে প্রবেশ করতেই সবকিছু এলোমেলো দেখতে পান এবং টেবিলে জুতার ছাপ লক্ষ্য করেন। পরে ওপরের দিকে তাকিয়ে দেখেন অফিসকক্ষের চারটি ফ্যান উধাও। পরবর্তীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষগুলো ঘুরে দেখা যায়, সেখান থেকেও আরও ৭টি ফ্যান চুরি হয়েছে। এ সময় চোরেরা বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম এবং শিক্ষার্থীদের পরিচালিত ‘সততা স্টোরে’ রক্ষিত কিছু নগদ টাকাও নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















